শ্রীমঙ্গলে রান্নাঘরের ইঁদুরের গর্তে বিষধর কোবরা, আতঙ্কের পর জীবিত উদ্ধার।

দেশজুড়ে

বাবলু আচার্য্য মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-অদ্য ১২ই মনে ২০২৬ইং রোজঃ- মঙ্গলবার দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটের দিকে
শ্রীমঙ্গল উপজেলার জানাউড়া গ্রামে একটি বসতঘরের রান্নাঘরে ভয়ংকর বিষধর কোবরা সাপ ঢুকে পড়ায় এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি হয়েছে। পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যদের তৎপরতায় সাপটি জীবিত উদ্ধার করা হয়।
জানাউড়া গ্রামের তারেক আহমেদের বাড়িতে এ ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা রান্নাঘর পরিষ্কার করার সময় হঠাৎ ফোঁসফোঁস শব্দ শুনতে পান। পরে রান্নাঘরের একটি ইঁদুরের গর্তে ফণা তুলে থাকা একটি বড় আকৃতির সাপ দেখতে পেয়ে তারা আতঙ্কে চিৎকার করে ওঠেন।
চিৎকার শুনে বাড়ির মালিক তারেক আহমেদ দ্রুত ঘটনাস্থলে এসে কুচা দিয়ে সাপটিকে মারার চেষ্টা করেন। তবে সাপটির ভয়ংকর ও হিংস্র আচরণ দেখে তিনি আর কাছে যাওয়ার সাহস পাননি। মুহূর্তেই পুরো বাড়িতে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরে সাংবাদিক আল আমিন বিষয়টি বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবগত করলে, ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা গিয়ে দেখতে পান, সাপটি গর্তের ভেতরে লুকিয়ে আছে এবং এটি একটি অত্যন্ত প্রাণঘাতী বিষধর কোবরা সাপ, যা সাধারণত লোকালয়ে খুব কমই দেখা যায়।
প্রায় ২০ মিনিটের চেষ্টার পর অত্যন্ত সতর্কতার সঙ্গে সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধার অভিযানের সময় স্থানীয় উৎসুক মানুষ ঘটনাস্থলে ভিড় করেন এবং শ্বাসরুদ্ধকর সেই দৃশ্য প্রত্যক্ষ করেন।
পরে উদ্ধারকৃত কোবরা সাপটি নিরাপদ সংরক্ষণের জন্য শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *