বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- শ্রীমঙ্গলের হাইল হাওরে অবৈধভাবে মাছ শিকার ও নেটের বাঁধ নির্মাণের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে জলমহালে স্থাপন করা অবৈধ নেটের বাঁধ উচ্ছেদ করা হয়।
বৃহস্পতিবার (১ অক্টোবর) ভোর সাড়ে ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত হাইল হাওরের অন্তর্গত চেংছড়ি, সানন্দা, বছনীখাল, বেরীর বোল, হাওরী খালসহ বিভিন্ন জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার জয় বণিক। আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।
অভিযানকালে বিভিন্ন জলমহাল থেকে অবৈধভাবে ব্যবহৃত ১০০টি রিং জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ১ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ৩ লাখ টাকা। এ ছাড়া ২০টি মশারি জাল জব্দ করা হয়। এসব জালের মোট দৈর্ঘ্য প্রায় ৪ হাজার মিটার এবং আনুমানিক মূল্য ২ লাখ ৫০ হাজার টাকা।
সব মিলিয়ে জব্দ করা অবৈধ জালের মোট আনুমানিক মূল্য ৫ লাখ ৫০ হাজার টাকা।
পরে বিধি মোতাবেক জব্দ করা অবৈধ জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়। পাশাপাশি জলমহালে অবৈধভাবে স্থাপন করা নেটের বাঁধ উচ্ছেদ করা হয়। অভিযান সংশ্লিষ্টরা জানান, হাইল হাওরের জলজ জীববৈচিত্র্য রক্ষা, দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করা এবং অবৈধভাবে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
