উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. আল-আমিন রাসেল (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) সকাল ৮টার দিকে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আল-আমিন রাসেল উজিরপুর উপজেলার হস্তিশুণ্ড এলাকার বাসিন্দা মোজাম্মেল হক বয়াতির বড় ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, কর্মসংস্থানের কারণে আল-আমিন খুলনায় বসবাস করতেন। কয়েকদিন আগে সেখানে তিনি ডেঙ্গুতে আক্রান্ত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে তার শারীরিক অবস্থার অবনতি হলে তিনি মারা যান।
তার মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
