উজিরপুরে অধ্যক্ষ নুরুল হক আজহারীর বিদায় সংবর্ধনা, আবেগে আপ্লুত শিক্ষক-শিক্ষার্থীরা

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: দীর্ঘ কর্মজীবনের সফল সমাপ্তি শেষে প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বিদায় নিলেন উজিরপুর আলিম মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ মাওলানা মো. নুরুল হক আজহারী। তাঁর বিদায় উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সহকর্মী ও শিক্ষার্থীদের ভালোবাসা ও আবেগঘন মুহূর্তে আপ্লুত হয়ে পড়েন তিনি। এ সময় কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থী।

১২ নভেম্বর বেলা ১১টায় মাদ্রাসার সভাকক্ষে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি ও উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান।

অনুষ্ঠানে বক্তারা অধ্যক্ষ নুরুল হক আজহারীর বর্ণাঢ্য কর্মজীবন, প্রশাসনিক দক্ষতা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তাঁরা বলেন, দীর্ঘ কর্মজীবনে তিনি নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি হিসেবে পরিচিতি অর্জন করেছেন।

এ সময় শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষকের সঙ্গে কাটানো নানা স্মৃতির কথা তুলে ধরতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়ে। বিদায়ী অধ্যক্ষ মাওলানা মো. নুরুল হক আজহারী তাঁর কর্মজীবনে সহযোগিতা করার জন্য সহকর্মী, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং মাদ্রাসার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

মাদ্রাসার শিক্ষক মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মো. আবু হানিফ, পৌর বিএনপির সহসভাপতি মো. গিয়াস উদ্দিন আকন, মো. হেমায়েত উদ্দিন খলিফা, বিশিষ্ট সমাজসেবক মো. আনোয়ার হোসেন হাওলাদার, অভিভাবক সদস্য মো. রাসেল হাওলাদার, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেনসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা।

অনুষ্ঠানের শেষপর্যায়ে আরবি প্রভাষক মাওলানা মো. ইলিয়াস হোসাইন মোমেনী দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *