উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে বহুল প্রত্যাশিত খাল পুনঃখনন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) সকাল ১০টায় দাসেরহাট থেকে আনোয়ারা মেম্বারের বাড়ি হয়ে গুঠিয়া বাইতুল আমান জামে মসজিদ কমপ্লেক্স অতিক্রম করে পঞ্চগ্রাম বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ এ খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রকিবুল ইসলাম, উজিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন খান, সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ তালুকদার (মান্নার মাস্টার), উপজেলা প্রকৌশলী সুব্রত রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন হাওলাদার, উপজেলা যুবদলের সভাপতি আ. ফ. ম. সামসুদ্দোহা আজাদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রকল্প সূত্রে জানা গেছে, প্রায় ২ কোটি ৪৭ লাখ টাকা ব্যয়ে খালটি পুনঃখনন করা হচ্ছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে, দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।
উদ্বোধনী অনুষ্ঠানে এমপি সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু লুঙ্গি ও গামছা পরে সাধারণ মানুষের বেশে উপস্থিত হয়ে নিজ হাতে কোদাল দিয়ে মাটি কাটেন। তার এই অনাড়ম্বর ও ব্যতিক্রমী উপস্থিতি স্থানীয়দের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে খাল পুনঃখনন কাজ সম্পন্ন হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি কৃষি ও যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে।
