উজিরপুরে প্রধান শিক্ষক মোবারক মৃধার স্মরণে শোকসভা ও দোয়া

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও পূর্ব জয়শ্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোবারক হোসেন মৃধার স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৫টায় উজিরপুর সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ শোকসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও দেশসেরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উজিরপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও প্রধান শিক্ষক মোঃ নাজমুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শেখ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা ইন্সট্রাক্টর সৈয়দ গাফফার আলী ও বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন। এছাড়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক-শিক্ষিকাসহ সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

শোকসভায় বক্তারা মরহুম মোবারক হোসেন মৃধার কর্মময় জীবন, শিক্ষা ক্ষেত্রে অবদান, সততা, নিষ্ঠা ও মানবিক গুণাবলির স্মৃতিচারণ করেন। তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানেই সীমাবদ্ধ রাখেননি; বরং নৈতিকতা, সততা ও মানবিক মূল্যবোধের শিক্ষা দিয়েছেন। তাঁর মৃত্যু শিক্ষা পরিবার ও এলাকার জন্য অপূরণীয় ক্ষতি।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “মরহুম প্রধান শিক্ষক মোঃ মোবারক মৃধা তাঁর কর্মের মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকার মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে আছেন। তিনি আজ আমাদের মাঝে নেই—এই সত্য মেনে নেওয়া সত্যিই কঠিন।”

তিনি আরও বলেন, “তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক। পাঠ্যবইয়ের মধ্যে তাঁর জ্ঞান সীমাবদ্ধ ছিল না। স্নেহ, আদর্শ, সততা ও দিকনির্দেশনার মাধ্যমে তিনি একটি আলোকিত প্রজন্ম গড়ে তুলতে কাজ করেছেন। তাঁর কর্মজীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার পাশাপাশি বিদ্যালয়ের উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা এবং সহকর্মীদের প্রতি আন্তরিকতা আমাদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।”

মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, “মরহুম শিক্ষকের সবচেয়ে বড় প্রাপ্য হলো তাঁর আদর্শ ও স্বপ্নকে বাঁচিয়ে রাখা। তিনি শিক্ষার্থী ও সহকর্মীদের যে সততা, নিষ্ঠা ও শিক্ষার আলো দেখিয়ে গেছেন, তা ধারণ করে সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। তবেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা জানানো হবে।”

আলোচনা শেষে মরহুম মোঃ মোবারক হোসেন মৃধার রুহের মাগফেরাত কামনা করে দীর্ঘ সময় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্যও দোয়া করা হয়.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *