সুদীপ দেবনাথ রিমন, পবিত্র রমজান মাসে ঐক্য, সহমর্মিতা ও সামাজিক সংহতি জোরদারের লক্ষ্য নিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘রমাদান সলিডারিটি ইফতার ২০২৬’। আন্তর্জাতিক উন্নয়নমুখী সংগঠন ইনিশিয়েটিভ ফ্রেমওয়ার্ক ফর সাসটেনেবল ডেভেলপমেন্ট—আইএফএসডি (IFSD) ফাউন্ডেশনের উদ্যোগে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজধানীর উত্তরার গরীব-ই-নেওয়াজ এভিনিউয়ে অবস্থিত অভিজাত রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে ইসরাত জেবিন বন্যার সঞ্চালনায় আইএফএসডি ফাউন্ডেশনের সভাপতি মো. ফাহাদুজ্জামান খানের সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএফএসডি ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয়, সাধারণ সম্পাদক মেহেদী হাসান, কর্মসূচি পরিকল্পনাকারী আশিকুর রহমান, সহ-সভাপতি মোঃ মুসলিম উদ্দিনসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি, উন্নয়নকর্মী, অংশীদার প্রতিষ্ঠান, স্বেচ্ছাসেবক এবং আমন্ত্রিত অতিথিরা।
সভাপতির বক্তব্যে আইএফএসডি ফাউন্ডেশনের সভাপতি মো. ফাহাদুজ্জামান খান বলেন, “রমজান আত্মশুদ্ধি ও সংযমের পাশাপাশি মানবিক মূল্যবোধ জাগ্রত করার একটি অনন্য সময়। এই মাস আমাদেরকে সহমর্মিতা, দানশীলতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা দেয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে একত্রিত করে পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক সংহতি জোরদার করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।”
আইএফএসডি’র নির্বাহী পরিচালক আব্দুল্লাহ শাহরিয়ার বিজয় বলেন, “সমাজের উন্নয়ন ও মানবিক সহায়তার কার্যক্রমকে আরও বিস্তৃত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়নকর্মী ও স্বেচ্ছাসেবীদের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন আয়োজন পারস্পরিক সহযোগিতা বাড়াতে এবং ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে সহায়ক ভূমিকা রাখে।”
সংগঠনের সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, “রমজানের এই পবিত্র সময়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আইএফএসডি ফাউন্ডেশন মানবিক সহায়তা, সামাজিক উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে।”
ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী আশিকুর রহমান বলেন, “রমজানকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে আমাদের। বিশেষ করে দরিদ্র ও অসহায় মানুষের জন্য খাদ্য সহায়তা, শিক্ষা সহায়তা এবং কমিউনিটি ভিত্তিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে আমরা অংশীদারদের সঙ্গে সমন্বয় করে কাজ করতে চাই।” এ সময় তিনি সম্প্রতি খুলনার কয়রা উপজেলায় বাঘ বিধবাদের মাঝে ফাউন্ডেশনের পক্ষ থেকে ঈদ সামগ্রী প্রদানের বিষয়সহ বিভিন্ন পরবর্তী কর্মসূচির তথ্য তুলে ধরেন
এ সময় সহ-সভাপতি মোঃ মুসলিম উদ্দিন বলেন, “সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে ইতিবাচক উদ্যোগ গ্রহণ করলে সামাজিক সংহতি আরও শক্তিশালী হয়। আইএফএসডি ফাউন্ডেশন যে উদ্যোগ নিয়েছে তা সমাজে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক সহযোগিতার চর্চাকে আরও উৎসাহিত করবে।”
ইফতার মাহফিলে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়েও আলোচনা করা হয়। আয়োজকরা জানান, রমজানকে কেন্দ্র করে মানবিক সহায়তা ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে আইএফএসডি ফাউন্ডেশন।
অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
