উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-২ (উজিরপুর–বানারীপাড়া) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস. সরফুদ্দিন আহমেদ সান্টুর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় ক্ষুদ্র পেশাজীবী ও সাধারণ ভোটারদের মাঝে টি-শার্ট ও লিফলেট বিতরণ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল তওয়াব সুমন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উজিরপুর উপজেলা সদরসহ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও গুরুত্বপূর্ণ এলাকায় এ প্রচারণা কার্যক্রম পরিচালিত হয়। কেন্দ্র থেকে বরিশাল-২ আসনের প্রচারণায় দায়িত্বপ্রাপ্ত অ্যাডভোকেট সুমন নিজে উপস্থিত থেকে সাধারণ মানুষের হাতে টি-শার্ট ও লিফলেট তুলে দেন এবং ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে জনসমর্থন কামনা করেন।
লিফলেট বিতরণকালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সেই অধিকার ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। তারা আরও বলেন, আগামী বাংলাদেশ হবে একটি আধুনিক, গণতান্ত্রিক, সন্ত্রাস, চাঁদাবাজ, দখলদার ও মাদকমুক্ত রাষ্ট্র।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে প্রচারণায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায়।
