উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার ৭ নম্বর বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী বিএনপি নেতা মো. মিজানুর রহমান। দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মিজানুর রহমান ইতোমধ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশার কথা জানিয়েছেন।
বামরাইল ইউনিয়নটি উজিরপুর উপজেলার অন্যান্য ইউনিয়নের তুলনায় রাজনৈতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ হিসেবে স্থানীয়দের কাছে পরিচিত। অতীতে বিভিন্ন সময়ে এ ইউনিয়নের রাজনৈতিক নেতৃত্ব ও চেয়ারম্যান নির্বাচনকে ঘিরে নানা আলোচনা-সমালোচনা দেখা গেছে। ফলে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরেও স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আগ্রহ তৈরি হয়েছে।
মো. মিজানুর রহমানের দেওয়া তথ্যানুযায়ী, তিনি ১৯৭৯ সাল থেকে জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। ছাত্রজীবনে তিনি শিকারপুর শেরে বাংলা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। একই কলেজে জিএস পদে নির্বাচনে অংশগ্রহণও করেন তিনি।
পরবর্তীতে উজিরপুর থানা ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৯, ২০১০, ২০১১ ও ২০১২ সালে তিনি বামরাইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়ার দাবি করেছেন তিনি।
এছাড়া ২০০৩ সালে বামরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মিজানুর রহমান।
বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও বিএনপির সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন বলে জানান। দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পাশাপাশি বিভিন্ন সময়ে দলীয় কর্মকাণ্ডে আর্থিক সহযোগিতা করে আসছেন বলেও দাবি করেন তিনি।
আসন্ন বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করে মিজানুর রহমান বলেন, দলীয় মনোনয়ন পেলে তিনি জনগণের কল্যাণে কাজ করতে চান। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে বিএনপির নীতিনির্ধারকদের সদয় বিবেচনা ও সহযোগিতা কামনা করেছেন মিজানুর রহমান। তাঁর প্রার্থিতা নিয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও সাধারণ ভোটারদের মধ্যেও আলোচনা শুরু হয়েছে। স্থানীয় ভোটাররা বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা দেওয়াকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে স্থানীয়রা জানান, তিনি নির্বাচনে অংশগ্রহণ করলে নির্বাচন আনন্দমুখর ও তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।
