উজিরপুরে পানি উন্নয়ন বোর্ডের জমি দখল করে ব্যবসায়ীর বাগানবাড়ি নির্মাণের অভিযোগকয়েক একর সরকারি জমি দখল করে জলাশয় ভরাটের অভিযোগ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা; ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পূর্ব রাজাপুর এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কয়েক একর সরকারি সম্পত্তি অবৈধভাবে দখল করে বাগানবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে হাসান নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে। সরকারি জমি দখল করে জলাশয় ভরাটের ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা এম. ভুইয়া অভিযোগ করে বলেন, উজিরপুর-সাতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের কয়েক একর সম্পত্তি হাসান নামের এক ব্যক্তি অবৈধভাবে দখল করেছেন। তিনি পুরো জলাশয় ভরাট করে সেখানে বাগানবাড়ি নির্মাণ করেছেন। এতে ওই এলাকার প্রাকৃতিক পরিবেশ ও জলাশয়ের ভারসাম্য নষ্ট হচ্ছে। একই সঙ্গে সরকারের কোটি কোটি টাকার সম্পত্তি বেহাত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মো. হাসান বলেন, ‘আমি যদি পানি উন্নয়ন বোর্ডের সম্পত্তি ম্যানেজ করে দখল করে খেতে পারি, তাহলে আপনাদের সমস্যা কী?’

তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে হারতা ভূমি অফিসের তহসিলদার মোহাম্মদ রিয়াজ হোসেন জানান, বিষয়টি তিনি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছেন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

এ বিষয়ে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, ওই সম্পত্তি কাউকে লিজ দেওয়া হয়নি।

উজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু বলেন, ‘এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

স্থানীয়দের দাবি, সরকারি সম্পত্তির সঠিক সীমানা নির্ধারণ করে অবৈধ দখল ও জলাশয় ভরাটের অভিযোগ তদন্ত করতে হবে। একই সঙ্গে দখলের অভিযোগ প্রমাণিত হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে সরকারি সম্পত্তি উদ্ধার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *