উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দেশব্যাপী লকডাউন কর্মসূচি মোকাবিলায় বরিশালের উজিরপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে উপজেলার ইচলাদীসহ মহাসড়কের বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের অবস্থান, মিছিল ও সমাবেশ করতে দেখা যায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার দিবাগত রাত থেকে ঢাকা-বরিশাল মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সড়কে ফেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এছাড়া উজিরপুর ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে পেট্রোল ব্যবহার করে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব কর্মকাণ্ডের ছবি ও ভিডিও দলীয় ফেসবুক পেজে প্রচার করা হয়েছে বলেও দাবি করা হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ পরিস্থিতিতে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের কথা জানিয়ে রাজপথে সক্রিয় অবস্থান নেয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল হাওলাদার, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য মো. মোস্তফা কামাল লিটন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কালাম ফরাজি, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মিলন হাওলাদার, সদস্যসচিব জুম্মান সিকদার মোতালেব, সদস্য মো. আলামিন, উপজেলা শ্রমিক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. খোকন ডাকুয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মেহেদী হাসান ভুঁইয়া ও মো. নুরুজ্জামান, পৌর শ্রমিক দলের সহসভাপতি মো. বাচ্চু রাড়ী, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আবু হান্নান আরিফ এবং শিকারপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. শাহাদাত সিকদারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শ নেতাকর্মী।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বিক পরিস্থিতি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে। বিচ্ছিন্নভাবে অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে নিজেদের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে কেউ কেউ। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে। কোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অগ্নিসংযোগের ঘটনা ঘটলে তা প্রতিহত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
