উজিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আঃ রহিম হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বড়াকোঠা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের গাজীরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের ভাতিজা আরিফ জানান, সন্ধ্যার পর বাড়িতে বৈদ্যুতিক সংযোগ স্থাপনের জন্য বৈদ্যুতিক হোল্ডারে প্লাগ সংযুক্ত করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তাঁর চাচা আঃ রহিম হাওলাদার। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

নিহত আঃ রহিম হাওলাদার বড়াকোঠা ইউনিয়নের গাজীরপাড় এলাকার বাসিন্দা। তাঁর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, যথাযথ আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *