উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অবকাঠামো সংকটসহ ১৬ দফা উন্নয়ন দাবি ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় গুরুত্ব পেল স্বাস্থ্যসেবার উন্নয়ন

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিনের অবকাঠামোগত সংকট, জনবল ঘাটতি, আধুনিক চিকিৎসা সরঞ্জামের অভাব ও নিরাপত্তা সমস্যা নিরসনে ১৬ দফা উন্নয়ন দাবি উত্থাপন করা হয়েছে।
রোববার (২৪ মে) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভায় এসব দাবি তুলে ধরা হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মাইদুল ইসলাম-এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অর্থোপেডিক সার্জন ডা. নাজমুস সাকিব।
সভায় বক্তারা বলেন, ঢাকা-বরিশাল মহাসড়কের সংলগ্ন উজিরপুর ও বাবুগঞ্জ উপজেলার জনগণের জন্য গুরুত্বপূর্ণ এ স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে উন্নয়ন কার্যক্রম গ্রহণ প্রয়োজন।
সভায় উত্থাপিত দাবির মধ্যে রয়েছে— হাসপাতালের পরিত্যক্ত পুরোনো ভবন অপসারণ করে নতুন ভবন নির্মাণ, জরাজীর্ণ আবাসিক ভবন ও কোয়ার্টার ভেঙে আধুনিক স্থাপনা নির্মাণ, ডিজিটাল এক্স-রে ও আল্ট্রাসনোগ্রাম মেশিন স্থাপন, প্যাথলজি বিভাগের জন্য আধুনিক ব্লাড ও ইউরিন অ্যানালাইজার এবং প্রয়োজনীয় রিএজেন্ট সরবরাহ।
এছাড়া হাসপাতালের নিরাপত্তা জোরদারে নাইট গার্ড সংখ্যা বৃদ্ধি, অন্তঃ ও বহির্বিভাগে অফিস সহায়ক নিয়োগ, জরুরি বিভাগে সাপোর্ট স্টাফ বৃদ্ধি এবং পরিচ্ছন্নতাকর্মী নিয়োগের দাবিও জানানো হয়।
বিদ্যুৎ বিভ্রাট মোকাবিলায় জেনারেটর ও সোলার প্যানেল স্থাপন, শূন্য পদে চিকিৎসক নিয়োগ, নার্সিং সুপারভাইজার ও পুরুষ সিনিয়র স্টাফ নার্স (এসএসএন) পদায়ন, স্যাকমো পদ পূরণ এবং মাঠপর্যায়ের তদারকির জন্য যানবাহন বরাদ্দের বিষয়টিও গুরুত্ব পায়।
এছাড়া হাসপাতালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার টিম নিয়োগ, ডেন্টাল চেয়ার মেরামত ও প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ, অডিটোরিয়াম এবং সীমানা প্রাচীর সংস্কারের দাবিও উত্থাপন করা হয়।
সংশ্লিষ্টরা মনে করছেন, দ্রুত এসব সমস্যা সমাধান করা গেলে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *