উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মাছের ঘেরে কিশোরের মরদেহ উদ্ধারবৈদ্যুতিক মিস্ত্রি কিশোরের মৃত্যু ঘিরে রহস্য, ঘটনায় অপমৃত্যুর মামলা

আদালত দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে নিখোঁজের দুই দিন পর মহসিন মল্লিক বাবু (১৬) নামে এক কিশোরের মরদেহ মাছের ঘেরের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে কিশোরের মৃত্যুর প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মহসিন মল্লিক বাবু উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিতালুক গ্রামের মো. নয়ন মল্লিকের ছেলে। পেশায় সে একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিল। গত ২৪ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে জরুরি কাজের কথা বলে বাড়ি থেকে বের হয় সে। এরপর আর বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্য ও স্বজনেরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন।

খোঁজাখুঁজির একপর্যায়ে ২৬ নভেম্বর রাত আনুমানিক আড়াইটার দিকে উজিরপুর উপজেলার দক্ষিণ কুড়ালিয়া এলাকায় নাসির মল্লিকের বাড়ির দক্ষিণ পাশে সড়কসংলগ্ন একটি মাছের ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখেন মামা শাহিন মল্লিক। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে উজিরপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *