সাভারে পরিবহন কোম্পানির চেকপোস্টে চাঁদাবাজির অভিযোগ

আদালত

পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ, নিরাপত্তা ও আইনগত ব্যবস্থা চেয়েছেন সংশ্লিষ্টরা

সাভার (ঢাকা) প্রতিনিধি:~

সাভারে একটি পরিবহন কোম্পানির চেকপোস্টে বহিরাগত লোকজনের মাধ্যমে চাঁদাবাজি, হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও প্রয়োজনীয় নিরাপত্তার দাবিতে ঢাকা জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির একজন প্রতিনিধি।

গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে

দেওয়া অভিযোগপত্রে লাক্সবাইক ট্রান্সপোর্ট (প্রা.) লিমিটেডের কন্ট্রোল সুপারভাইজার মো. রিয়াজ মোহাম্মদ উল্লেখ করেন, সাভারসহ বিভিন্ন এলাকায় কোম্পানির নির্ধারিত রুটে যানবাহন চলাচলের সময় তাদের চেকপোস্টে বহিরাগত লোকজন এসে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে। অভিযোগকারীর দাবি, চেকপোস্টে এসে কোম্পানির লোকজনকে গালিগালাজ ও ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় এবং চালক-স্টাফদের কাছ থেকেও টাকা দাবি করা হয়।

অভিযোগপত্রে আরও বলা হয়, চেকপোস্টে দায়িত্ব পালনরত কর্মীদের বলা হয়—সেখানে কোম্পানির কোনো গাড়ি বা কর্মকর্তা-কর্মচারী দাঁড়াতে পারবেন না। পাশাপাশি প্রতিটি গাড়ির জন্য ৫০ টাকা করে চাঁদা দেওয়ার দাবি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৭ আগস্ট একটি প্রাইভেটকারের সঙ্গে কোম্পানির একটি বাসের ইচ্ছাকৃতভাবে সংঘর্ষ ঘটানোর অভিযোগ রয়েছে। এরপর ১৮ আগস্ট পাকিজা এলাকায় কোম্পানির বেশ কয়েকটি গাড়ি আটক করা হয় বলে অভিযোগকারী দাবি করেন। পরদিন ১৯ আগস্ট সাভার মডেল থানায় বসে কোম্পানির কাছ থেকে ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।

চিঠিতে বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এতে চেকপোস্ট ও আশপাশের এলাকায় কর্মরত পরিবহন শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।

এ ঘটনায় অভিযোগকারী বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবহন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।

তবে অভিযোগে উত্থাপিত বিষয়গুলোর বিষয়ে অভিযুক্ত ব্যক্তি বা সংশ্লিষ্টদের বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া সম্ভব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *