উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গ্রামীণ উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলায় “প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় দিনব্যাপী কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় উজিরপুর মুক্তিযোদ্ধা ভবন হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেসের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কৃষক, কৃষি উদ্যোক্তা এবং কৃষি সম্প্রসারণ বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
কংগ্রেসে সভাপতিত্ব করেন মো: মামুনুর রহমান, অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ), খামারবাড়ি, বরিশাল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: শহীদুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান), খামারবাড়ি, বরিশাল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো: রিয়াজুল ইসলাম, সিনিয়র মনিটরিং অফিসার, পার্টনার প্রকল্প, বরিশাল অঞ্চল এবং এস এম আলাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, উজিরপুর উপজেলা বিএনপি।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কপিল বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা, উজিরপুর।
বক্তারা বলেন, পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি চর্চা এবং গ্রামীণ পর্যায়ে উদ্যোক্তা সৃষ্টি অত্যন্ত জরুরি। ‘পার্টনার’ প্রকল্পের মাধ্যমে এসব লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের প্রশিক্ষণ, সহায়তা ও প্রণোদনা প্রদান করা হচ্ছে।
দিনব্যাপী এ কংগ্রেসে কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা ও টেকসই গ্রামীণ অর্থনীতি গড়ে তোলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
