উজিরপুরে ধামুরা বন্দরে গভীর রাতে অগ্নিকাণ্ড: ৮ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষয়ক্ষতি; সহায়তার আশ্বাস ইউএনও’র

Uncategorized

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি |
বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা বন্দরের পূর্ব পাড় এলাকায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার (৩১ মার্চ) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পরপরই তা দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে জাকিরের সেনেটারি দোকান, মশিউরের পোল্ট্রি ফিডের দোকান, পরিমলের ফার্নিচারের দোকান, বাদলের স্টিলের দোকান, সুমনের বোট ও ফার্নিচারের দোকান এবং কবির হাওলাদারের স্টিল ও টাইলসের দুটি দোকানসহ মোট ৮টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে উজিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা ১৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে দোকানগুলোর অধিকাংশ মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
উজিরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা আব্দুর রশিদ প্রাথমিকভাবে জানান, এ ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী কবির হাওলাদার জানান, তার দোকানে নগদ আড়াই লাখ টাকাসহ প্রায় ৩০ লাখ টাকার মালামাল ছিল। অপর ব্যবসায়ী জাকির বলেন, তার সেনেটারি দোকানে নগদ দুই লাখ টাকাসহ অর্ধকোটি টাকার বেশি পণ্য ছিল। সুমন নামে আরেক ব্যবসায়ী জানান, তার বোট ও ফার্নিচারের দোকানে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল ছিল।
ব্যবসায়ীদের দাবি, সব মিলিয়ে প্রায় এক কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।
উজিরপুর ফায়ার সার্ভিসের লিডার রাসেল হোসেন ভূঁইয়া বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। একটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে এবং কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি; বিষয়টি তদন্তাধীন রয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের উদ্যোগ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *