শ্রীমঙ্গল প্রতিনিধ ।
শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) মহা সপ্তমী ও মহা অষ্টমীতে শ্রীমঙ্গল উপজেলার পঞ্চাশটির অধিক দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেন। এসময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় শুভেচ্ছা জানান এবং আর্থিক অনুদান প্রদান করেন।
পরিদর্শনকালে বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাটের করুণ অবস্থা দেখে হাজী মুজিব গভীর দুঃখ প্রকাশ করে বলেন—
“এই আসনে সাবেক কৃষিমন্ত্রী দীর্ঘ ৩৬ বছর জনগণের প্রতিনিধিত্ব করেছেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, তিনি জনসাধারণের উন্নয়নের চেয়ে নিজের উন্নয়নেই ব্যস্ত থেকেছেন। অথচ এতো বছর ধরে দায়িত্বে থাকার পর শ্রীমঙ্গল ও কমলগঞ্জকে উন্নয়নের এক অনন্য দৃষ্টান্তে রূপ দেওয়া যেত।”
তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলেন—
“আগামী ফেব্রুয়ারির নির্বাচনে আপনারা নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিন। আপনাদের ভোটের মাধ্যমেই এ অঞ্চলের উন্নয়নের দ্বার উন্মুক্ত হবে। কোনো একটি দলের সন্ত্রাসী কর্মকাণ্ড যাতে প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন তৈরি করতে না পারে, সে জন্য আপনাদের সাহসের সঙ্গে ভোট দিতে হবে।”
হাজী মুজিব আরও বলেন—
“বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের প্রত্যেক নেতাকর্মী আপনাদের নিরাপত্তা ও সেবার অতন্দ্র প্রহরী হয়ে কাজ করবে। আপনারা নিশ্চিন্তে পূজা উদযাপন করুন। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন, আমরা আপনাদের পাশে থাকব।”
এসময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন—
“২০০১ সাল থেকে তিনি এ আসনে নির্বাচিত না হলেও মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন। হাজী মুজিব সত্যিই একজন জনবান্ধব নেতা। তাকে কাছে পেয়ে আমরা আনন্দিত।”
পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উপজেলা নেতৃবৃন্দ বিএনপি ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
