উজিরপুরে দুষ্কৃতকারীদের টার্গেট গ্রামীণ ব্যাংক, শাখা অফিসের সিঁড়িতে ৩ পেট্রোল বোমা বিস্ফোরণসারা দেশের মতো উজিরপুরেও টার্গেট প্রতিষ্ঠান হিসেবে গ্রামীণ ব্যাংককে দেখছেন স্থানীয়রা; মোটরসাইকেলে এসে বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় তিন দুর্বৃত্ত, আতঙ্কে কর্মকর্তা-কর্মচারীরা; গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের আশ্বাস পুলিশের

আদালত দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: সারা দেশের মতো বরিশালের উজিরপুরেও গ্রামীণ ব্যাংককে দুষ্কৃতকারীদের টার্গেট প্রতিষ্ঠান বলে মনে করছেন স্থানীয়রা। উপজেলার বামরাইল ইউনিয়নের সানুহার বাসস্ট্যান্ড সংলগ্ন গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ের সিঁড়িতে তিনটি হাতে তৈরি পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর আনুমানিক ৫টার দিকে মোটরসাইকেলে আসা তিন অজ্ঞাত ব্যক্তি এ ঘটনা ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে অজ্ঞাতনামা তিন ব্যক্তি মোটরসাইকেলে করে গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়ির ওপর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে উজিরপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

স্থানীয়দের মতে, দেশের বিভিন্ন স্থানে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে উজিরপুরেও গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়ে এমন বিস্ফোরণের ঘটনা নতুন করে আতঙ্ক সৃষ্টি করেছে। তাদের ধারণা, গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়গুলো দুষ্কৃতকারীদের টার্গেটে থাকতে পারে। তবে কারা, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে দুর্বৃত্তদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের নাম-পরিচয় ও অবস্থান শনাক্ত করতে পুলিশি তৎপরতা এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য সর্বোচ্চ চেষ্টা চলছে। একই সঙ্গে উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

পরপর এমন ঘটনায় গ্রামীণ ব্যাংকের শাখা কার্যালয়গুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং উপজেলার সব ব্যাংক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *