উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারকে সমন্বিত সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনতে সরকারের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আওতায় দেশব্যাপী পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এর অংশ হিসেবে সোমবার (১২ অক্টোবর) বরিশালের উজিরপুর উপজেলার গুঠিয়া ও শিকারপুর এলাকায় তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়েছে।
এ উপলক্ষে ফ্যামিলি কার্ড কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তথ্য সংগ্রহ প্রক্রিয়া অবহিত করতে সোমবার দুপুরে উজিরপুর উপজেলা পরিষদের সভাকক্ষে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে প্রেস কনফারেন্সে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুবেল হাওলাদার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মাহাবুব গোমস্তা, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. নাসির উদ্দিন শরীফ ও সাধারণ সম্পাদক সর্দার সোহেলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রেস কনফারেন্সে জানানো হয়, নারীর ক্ষমতায়ন, অধিকার, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে পরিবারের নারী প্রধানের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় পরিবারভিত্তিক আর্থ-সামাজিক তথ্য সংগ্রহ করা হবে।
তথ্য সংগ্রহের ক্ষেত্রে কোনো ধরনের টাকা বা ফি দেওয়ার প্রয়োজন নেই। সম্পূর্ণ বিনামূল্যে এ কার্যক্রম পরিচালিত হবে। ফ্যামিলি কার্ডে নাম অন্তর্ভুক্তির কথা বলে কেউ টাকা দাবি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া প্রকৃত দরিদ্র, অতি দরিদ্র ও নিম্নবিত্ত পরিবারগুলোর সঠিক তথ্য দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে পরিবারের বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের তথ্য যাতে বাদ না পড়ে, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে।
জনসচেতনতা বাড়াতে দেশের মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় এ বিষয়ে প্রচারণামূলক বার্তা প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও প্রেস কনফারেন্সে জানানো হয়।
সরকার ‘ফ্যামিলি কার্ড বাস্তবায়ন নীতিমালা, ২০২৬’ এবং সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন ২০২৬’-এর আলোকে এ কার্যক্রম বাস্তবায়ন করছে। নীতিমালায় নির্ধারিত যোগ্যতা ও শর্ত অনুযায়ী পরিবারগুলোকে এ কর্মসূচির আওতায় অন্তর্ভুক্ত করা হবে।
