উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
সমাজে কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা ও শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
তিনি বলেন, “একটি শিশুর জন্মের পর তার পরিচয় ছেলে না মেয়ে—এটি তার স্বপ্ন দেখার অধিকার নির্ধারণ করতে পারে না। অথচ বাস্তবতায় এখনো অনেক কন্যাশিশুকে শিক্ষা, পুষ্টি, স্বাস্থ্যসেবা ও নিজের পছন্দের ভবিষ্যৎ বেছে নেওয়ার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। সামাজিক কুসংস্কার, দারিদ্র্য ও নিরাপত্তাহীনতা কন্যাশিশুর বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়ায়। অনেক পরিবারে ছেলের শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হলেও মেয়েদের ক্ষেত্রে বাল্যবিয়ে ও পারিবারিক দায়িত্বের চাপ দ্রুত এসে পড়ে। ফলে সম্ভাবনা থাকা সত্ত্বেও অনেক কন্যাশিশুর পড়াশোনা থেমে যায়।”
তিনি আরও বলেন, শিক্ষা একটি কন্যাশিশুর ভবিষ্যৎ বদলে দিতে পারে। একজন কন্যাশিশুকে স্কুলে পাঠানো মানে শুধু তাকে বই পড়ানো নয়; বরং তার সামনে নিজের ভবিষ্যৎ বেছে নেওয়ার সুযোগ তৈরি করা। শিক্ষা তাকে নিজের অধিকার সম্পর্কে সচেতন করে, সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়ায় এবং কর্মজীবনে প্রবেশের পথ তৈরি করে। স্বপ্ন দেখার অধিকার সবার।
সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে উজিরপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ইউএনও মোঃ আলী সুজা।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
ইউএনও মোঃ আলী সুজার সভাপতিত্বে এবং উজিরপুর রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর আবদুল গাফফার চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান,
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর বিএনপির সভাপতি মোঃ শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, উজিরপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ নাসির উদ্দিন শরীফ ও সাধারণ সম্পাদক সর্দার সোহেলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেয়।
র্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে উজিরপুরে যথাযথ মর্যাদায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।
