উজিরপুরে দুর্গাপূজা মন্দির পরিদর্শনে ডিআইজি ‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই’

আদালত

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
‘দুষ্কৃতকারীদের কোনো ধর্ম নেই। ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’—বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
সোমবার (১২ অক্টোবর) বিকেল ৩টায় বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী উগ্রতারা মন্দির সংলগ্ন তারাবাড়ি শ্রীশ্রী দুর্গা মন্দির পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। এ উৎসব নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বরিশাল বিভাগীয় পুলিশ দুই স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে। এর মধ্যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্য ও স্থানীয় সচেতন মহলকে সম্পৃক্ত করে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।
তিনি বলেন, প্রতিটি পূজামণ্ডপ সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য মনিটরিং সেল চালু রাখা হয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের উসকানিমূলক বক্তব্য, গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হলে তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেন ডিআইজি। পাশাপাশি কোনো অপরিচিত ব্যক্তি পূজামণ্ডপ এলাকায় এলে তাঁর পরিচয় নিশ্চিত করা এবং গতিবিধি সন্দেহজনক মনে হলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।
মন্দির প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পূজা কমিটির সভাপতি দেবাশীষ চন্দ্র দাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. জুলফিকার আলী হায়দার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার এ.জেড.এম মোস্তাফিজুর রহমান, উজিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সৌমেন্দ্র কুমার বাইন, বরিশাল জেলা শিক্ষানবিশ সহকারি পুলিশ সুপার মো. মুছা ইবনে সাঈদ ও উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. রকিবুল ইসলাম।
এ ছাড়া উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, শিকারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব মিয়া, বিএনপি নেতা কাজী মাহবুব ইসলাম ধনু, মন্দির কমিটির সাধারণ সম্পাদক রাহুল রায়, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য গীতা রানী দাসসহ পূজা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *