শেখ সোহেল আহমেদ
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সাদা রঙের পাজেরো জিপও জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার ৮ নম্বর কালীঘাট ইউনিয়নের ভুরভুরিয়া চা বাগানসংলগ্ন বিটিআরআই সড়কে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—শ্রীমঙ্গল উপজেলার খোশবাস এলাকার মো. ছাদ মিয়ার ছেলে শাহ আলম (৩৮), কুলাউড়া উপজেলার পশ্চিম বিলেরপাড় এলাকার মৃত ইসমাইল আলীর ছেলে সালাউদ্দিন (২৯) এবং শ্রীমঙ্গল উপজেলার শংকরসেনা (শিববাড়ী) এলাকার মো. আবদুর করিমের ছেলে মো. আলী হোসেন (৩৯)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সন্দেহভাজনদের আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রামদা, একটি লোহার বোল্ট কাটার ও একটি স্টিলের এসএস রড উদ্ধার করা হয়। একই সঙ্গে ডাকাতির কাজে ব্যবহৃত সাদা রঙের পাজেরো জিপটি জব্দ করা হয়।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুনের সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করেন।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় পুলিশ বাদী হয়ে দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় মামলা করেছে। এ ঘটনায় জড়িত পলাতক সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
