উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শাহাদুজ্জামান কমরেডের বাবা মো. কবির সরদারের (৬২) দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় উজিরপুর বাজার জামে মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. মিরাজ মাহমুদ, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মো. রোকনুজ্জামান টুলু, উপজেলা শ্রমিকদলের সভাপতি জিয়া আমিন রাড়ীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মো. কবির সরদারের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার সিদ্দিকুর রহমান, উপজেলা যুবদলের সভাপতি আফাম সামসুদ্দোহা আজাদ, পৌর যুবদলের আহ্বায়ক সাহাবুদ্দিন, অ্যাডভোকেট আবদুল্লাহ আল তাওয়াব সুমন, বিএনপির আইনবিষয়ক সম্পাদক মো. রিয়াজ মিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। শোকবার্তায় তাঁরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
