উজিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিলনায়তন কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজার সভাপতিত্বে এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম খানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জীবনমান উন্নয়ন, আত্মনির্ভরশীলতা ও সামাজিক অগ্রগতির অন্যতম প্রধান হাতিয়ার। নিরক্ষরতা দূর করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
তারা আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করা, ঝরে পড়া শিক্ষার্থীদের বিদ্যালয়মুখী করা এবং সবার জন্য শিক্ষার সুযোগ নিশ্চিত করার মাধ্যমে একটি জ্ঞানভিত্তিক ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব।
উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, সাক্ষরতার হার বৃদ্ধির পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন ও শিক্ষাবঞ্চিত জনগোষ্ঠীকে শিক্ষার আওতায় আনতে এ ধরনের সচেতনতামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *