উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, মানবতাবাদ ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালের উজিরপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘নজরুল বর্ষ’-এর উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
পরে অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ট্রেইনিং ইনস্ট্রাক্টর সৈয়দ গফ্ফার এবং পরিচালনা করেন শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মোঃ ফরিদ হোসেন।
অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মন্ডল, উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম রকিব, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসাইন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা আসমা বেগম, নির্বাচন কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম রুমিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, নজরুলের সাহিত্য ও সংগীত অন্যায়-অবিচার, শোষণ-বঞ্চনা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে প্রতিবাদের শক্তি জোগায়। নতুন প্রজন্মের কাছে তাঁর সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ।
পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের কবিতা, গান ও বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করা হয়। এতে অনুষ্ঠানস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
