পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাস্টার গোলাম মস্তফা রাজা হাফিজিয়া মাদরাসায় নানা কর্মসূচি

দেশজুড়ে

বাবলু আচার্য্য, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মতিগঞ্জ রাজা এলাকায় মরহুম মাস্টার গোলাম মস্তফা রাজা প্রতিষ্ঠিত মাস্টার গোলাম মস্তফা রাজা হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট), ১২ রবিউল আউয়াল সকাল ৭টায় মাদরাসা প্রাঙ্গণে পবিত্র কোরআন তেলাওয়াত, কেরাত, হামদ-নাত ও আলোচনা সভার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বের করা হয় বর্ণাঢ্য মোবারক র‍্যালি।
অনুষ্ঠানে মাদরাসার পরিচালক মাস্টার গোলাম মোরসালিন মস্তফা রাজা সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা হাফেজ আব্দুল নূর। এছাড়া মাদরাসার প্রধান শিক্ষক ও মসজিদের ইমাম-খতিব হাফেজ কারী মাওলানা হাফিজুর রহমানসহ শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জীবন, আদর্শ, মানবতা, ন্যায় ও শান্তির বার্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের সুন্দর, নৈতিক ও আদর্শ জীবন গঠনের আহ্বান জানান বক্তারা।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য মোবারক র‍্যালি বের করা হয়। র‍্যালি আয়োজনে শিক্ষার্থীদের উৎসাহ ও সার্বিক সহযোগিতা করেন মাদরাসার সভাপতি মাস্টার গোলাম মোরসালিন মস্তফা রাজা।

র‍্যালিটি মাদরাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সিন্দুরখান বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলিয়া মাদরাসা এলাকায় গিয়ে শেষ হয়। পরে শিক্ষার্থীরা মাদরাসা প্রাঙ্গণে ফিরে আসেন।

দিনব্যাপী কর্মসূচির শেষ পর্বে অনুষ্ঠিত হয় মিলাদ ও দোয়া মাহফিল। এতে দেশ, জাতি, মুসলিম উম্মাহ এবং সর্বস্তরের মানুষের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া এবং নতুন প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার প্রত্যয়ের মধ্য দিয়ে দিনব্যাপী কর্মসূচির সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *