উজিরপুরের শোলক ও আগৈলঝাড়ার রত্নপুরে মাদক-অপরাধবিরোধী সচেতনতা সভা ও মিছিল

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়ন ও পাশের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় মাদক-অপরাধবিরোধী সচেতনতামূলক সভা ও প্রতিরোধ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে দুই উপজেলার সীমান্তবর্তী এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও মোঃ খোকন সরদারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মোঃ কামাল তালুকদার, মোস্তফা কামাল খোকন, নাঈমুল ইসলাম হাবিবি, মাওলানা আজিজুল হক, মোক্তার হোসেন মল্লিক, ইসকান্দার সরদার, সবুজ হাওলাদার, মশিউর রহমান, সাংবাদিক মোহাম্মদ মাহফুজুর রহমান মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনকেই ধ্বংস করে না, এর ক্ষতিকর প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। মাদকাসক্তি থেকে তরুণ সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদক, চুরি, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। স্থানীয় পর্যায়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। কোনো মাদক ব্যবসায়ী বা অপরাধীর বিষয়ে তথ্য থাকলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সচেতনতামূলক সভায় মাদক ও অপরাধের বিরুদ্ধে এলাকাবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের স্বাভাবিক ও সুস্থ জীবনে ফিরে আসতে হবে। পাশাপাশি তরুণদের খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভা শেষে মাদক ও অপরাধবিরোধী একটি প্রতিরোধ মিছিল বের করা হয়। মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, মাদক ও অপরাধের বিরুদ্ধে জনসচেতনতা তৈরির এ ধরনের কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। শোলক ও রত্নপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষকে মাদক ও অপরাধের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *