বেহাল সানুহার-ধামুরা-সাতলা সড়ক সংস্কারের দাবিতে অবরোধ, দ্রুত কাজ শুরু না হলে কঠোর কর্মসূচির ঘোষণা।

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
দীর্ঘদিন ধরে বেহাল হয়ে পড়ে থাকা বরিশালের উজিরপুর উপজেলার গুরুত্বপূর্ণ সানুহার-ধামুরা-সাতলা সড়ক দ্রুত সংস্কারের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা। সড়কের অসংখ্য গর্ত, খানাখন্দ ও কাদাপানির কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁরা। দ্রুত সংস্কারকাজ শুরু না হলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা স্থানীয়দের।
দ্রুত কাজ শুরু না হলে কঠোর কর্মসূচির ঘোষণা।
রোববার (৯ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগাহ বাজার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। প্রায় এক ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ রেখে বিক্ষোভ মিছিল করেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও স্থানীয়রা। এ সময় ‘সড়ক সংস্কার করতে হবে’, ‘দুর্ভোগের অবসান চাই’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
বিক্ষোভে স্থানীয় মশিউর রহমান, ইয়াছিন ফরাজী, হিমেল, সামিয়া তালুকদারসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং শত শত এলাকাবাসী অংশ নেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন অংশে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে কাদার সৃষ্টি হয়। এতে পথচারীসহ অটোরিকশা, ইজিবাইক ও মোটরসাইকেল চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। কোথাও কোথাও গর্ত ও কাদাপানিতে সড়কের প্রকৃত অবস্থাই বোঝা যায় না।
স্থানীয়রা জানান, সানুহার-ধামুরা-সাতলা সড়কটি এ অঞ্চলের মানুষের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। প্রতিদিন শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীসহ হাজারো মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, রোগীদের হাসপাতালে নেওয়া এবং ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, নারী ও বয়স্কদের চলাচলে ঝুঁকি বেড়েছে।
ঈদগাহ বাজারের ব্যবসায়ীরাও সড়কের দুরবস্থার কারণে ব্যবসা-বাণিজ্যে নেতিবাচক প্রভাব পড়ার কথা জানিয়েছেন। তাঁদের ভাষ্য, সড়কের কারণে পণ্য পরিবহনে সময় ও ব্যয় বেড়েছে। ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক যানবাহন চালক এ পথ এড়িয়ে চলেন। এতে বাজারের স্বাভাবিক বেচাকেনাতেও প্রভাব পড়ছে।
স্থানীয় বাসিন্দারা আরও বলেন, সড়কটি সংস্কারের দাবি দীর্ঘদিনের। বিভিন্ন সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও কার্যকরভাবে সংস্কারকাজ শুরু হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা সড়ক অবরোধের মতো কর্মসূচি পালন করেছেন। তাঁদের দাবি, শুধু আশ্বাস নয়, দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মতভাবে সংস্কারকাজ শেষ করতে হবে।
এ বিষয়ে উজিরপুর উপজেলা প্রকৌশলী সুব্রত রায় বলেন, “সড়কটি সংস্কারের জন্য এর আগে বরাদ্দ দেওয়া হয়েছিল এবং টেন্ডারও হয়েছিল। কিন্তু সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ করতে আগ্রহী না হওয়ায় তখন সংস্কারকাজ করা সম্ভব হয়নি। তবে বর্তমানে সড়কটি সংস্কারের জন্য পুনরায় টেন্ডার হয়েছে। অচিরেই কাজ শুরু হবে।”
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, “আগামী সেপ্টেম্বর মাসেই সড়কটির সংস্কারকাজ শুরু করার প্রক্রিয়া চলছে।” তবে স্থানীয়দের দাবি, দীর্ঘদিনের দুর্ভোগের পর তাঁরা আর শুধু আশ্বাসে সন্তুষ্ট নন। দ্রুত সংস্কারকাজ শুরু করে যথাসময়ে তা শেষ করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর তদারকি চান তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *