মন্ত্রীর গাড়িবহরও ঝুঁকিতে: ঠিকাদারের অবহেলায় ভাঙনের মুখে বাটাজোর–শরিকল সড়ক, বিচ্ছিন্ন হওয়ার শঙ্কায় লক্ষাধিক মানুষ
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বাটাজোর থেকে শরিকল পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কের শাহজিরা এলাকায় ভয়াবহ ভাঙনের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম অবহেলা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে সড়কের পাশের খাল ভেঙে রাস্তাটির স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে। এতে যেকোনো সময় সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রী মোঃ জহির উদ্দিন স্বপন-এর গাড়িবহর ওই ঝুঁকিপূর্ণ অংশ অতিক্রম করার সময় স্থানীয়রা একটি ভিডিও ধারণ করেন। পরে ভিডিওটি বৈশাখী টেলিভিশনের উজিরপুর প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়। ভিডিওতে সড়কের ঝুঁকিপূর্ণ অবস্থা স্পষ্টভাবে ফুটে উঠেছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে শাহজিরা এলাকায় সড়কের পাশের খালে ভাঙন দেখা দিলেও তা রোধে কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ফলে প্রতিনিয়ত ভাঙন বৃদ্ধি পাচ্ছে এবং সড়কের বড় অংশ ঝুঁকির মধ্যে রয়েছে। তারা অভিযোগ করেন, ঠিকাদারের গাফিলতি ও উপজেলা প্রকৌশল দপ্তরের নজরদারির অভাবেই পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করেছে।
এ সড়কটি ঢাকা-বরিশাল মহাসড়কের সঙ্গে গৌরনদী উপজেলার শরিকল, বাবুগঞ্জ উপজেলার আগরপুরসহ বিস্তীর্ণ এলাকার যোগাযোগের অন্যতম প্রধান মাধ্যম। স্থানীয়দের মতে, সড়কটি ক্ষতিগ্রস্ত হলে প্রায় এক লাখ মানুষের যাতায়াত, শিক্ষা, কৃষিপণ্য পরিবহন ও জরুরি সেবাপ্রাপ্তি মারাত্মকভাবে ব্যাহত হবে।
এ বিষয়ে এলাকাবাসী দ্রুত জরুরি ভিত্তিতে ভাঙনরোধী ব্যবস্থা গ্রহণ, ঝুঁকিপূর্ণ অংশ সংস্কার এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, বর্ষা মৌসুমে পরিস্থিতির আরও অবনতি হলে সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে।
স্থানীয়রা উপজেলা প্রকৌশলী, প্রশাসন ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বড় ধরনের দুর্ঘটনা ও জনদুর্ভোগের আগেই কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।
