মাদক উদ্ধার অভিযানে ডিবি কনস্টেবল আহত, ৪ জন গ্রেপ্তার

আদালত দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর উপজেলায় মাদক উদ্ধার অভিযান পরিচালনাকালে হামলার ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (২২ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকার পাকা সড়কে এ ঘটনা ঘটে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, বরিশাল জেলা ডিবির ৭ সদস্যের একটি আভিযানিক দল এসআই আরসেলের নেতৃত্বে উজিরপুর পৌরসভার খেয়াঘাট এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় অভিযানে বাধা দেওয়াকে কেন্দ্র করে ডিবি সদস্যদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।
অভিযোগ রয়েছে, একপর্যায়ে অভিযুক্ত আরিফ মোল্লা তার কাছে থাকা সন্দেহভাজন মাদকের একটি পোটলা পাশের পুকুরে ছুড়ে ফেলেন। পরে ডিবি সদস্য কনস্টেবল মৃণাল পুকুর থেকে সেটি উদ্ধারের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন।
খবর পেয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। আহত কনস্টেবল মৃণালকে তাৎক্ষণিকভাবে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ঘটনায় ঘটনাস্থল থেকে শামীম মোল্লা (২৬), মুনসুর মোল্লা (৭০), আলাউদ্দিন (২৪) ও আরিফ মোল্লাকে গ্রেপ্তার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বাড়ি উজিরপুর উপজেলার হানুয়া এলাকায় বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ঘটনার পর স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রকিকুল ইসলাম জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *