বাবলু আচার্য্য
মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
শ্রীমঙ্গলের সবুজে ঘেরা ফুলছড়া চা বাগানের লাল টিলায় আজ যেন এক অন্যরকম আবহ ছড়িয়ে পড়েছিল। প্রকৃতির নিস্তব্ধতার মাঝে ভেসে এসেছে শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ভক্তদের একাগ্র প্রার্থনা।
শুক্রবার ( ১০ এপ্রিল) সকাল থেকে বিকাল পর্যন্ত ভক্তিভরে অনুষ্ঠিত হলো শ্রীশ্রী দক্ষিণাকালী মায়ের পূজা। সকালের প্রথম আলো ফুটতেই ভক্তরা দলে দলে ছুটে আসতে শুরু করেন এই পবিত্র স্থানে। দূর-দূরান্ত থেকে আগত হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। কারও হাতে প্রসাদ, কারও হাতে ফুল সবাই যেন এক গভীর বিশ্বাস আর ভালোবাসা নিয়ে উপস্থিত হয়েছেন মায়ের চরণে।
পূজার প্রতিটি মুহূর্তে ছিল এক অপার্থিব অনুভূতি। ধূপ-ধুনোর গন্ধে, মন্ত্রোচ্চারণে আর ঢাকের তালে ভরে ওঠে চারপাশ। মনে হচ্ছিল, এই পবিত্র মুহূর্তে মা যেন নিজেই আশীর্বাদের হাত বাড়িয়ে দিয়েছেন তাঁর সন্তানদের দিকে।
ভক্তদের চোখে-মুখে ছিল ভক্তি, শ্রদ্ধা আর এক অদ্ভুত প্রশান্তি। কেউ প্রার্থনায় ডুবে গেছেন, কেউ বা নীরবে চোখ বন্ধ করে মনের সব কষ্ট মায়ের কাছে সমর্পণ করেছেন। এই পূজা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি হয়ে উঠেছিল মানুষের বিশ্বাস, ভালোবাসা আর একাত্মতার এক মহামিলন।
দিনভর চলা এই আয়োজন শেষে সবার মনে রয়ে যায় এক অপূর্ণ তৃপ্তি আবারও এমন একটি পবিত্র দিনে, এমন এক আবেগঘন পরিবেশে মায়ের সান্নিধ্যে ফিরে আসার।
বড়লেখা থেকে আগত এক পূর্ণার্থী সমিরণ ধর জানান, শ্রীমঙ্গলে চাকরির সুবাদে একবার মায়ের এই পবিত্র মন্দিরে আসার সুযোগ হয়েছিল। সেই স্মৃতি আর মায়ের প্রতি অগাধ টানই আবারও টেনে এনেছে লাল টিলার এই পূণ্যভূমিতে।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন,আজ আবারও এসে মনটা ভরে গেল। এখানে এলেই এক ধরনের শান্তি আর আত্মিক প্রশান্তি অনুভব করি। খুব ভালো লাগছে, মনে হচ্ছে মা আবারও ডাক দিয়েছেন বলেই আসা।
