উজিরপুরের বামরাইল ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা সাবেক ছাত্রদল নেতা সাইফুল হুদা ফিরোজের

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেবিন ফ্যান লিমিটেডের হেড অব মার্কেটিং সাইফুল হুদা ফিরোজ। তার এই ঘোষণাকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত সাইফুল হুদা ফিরোজ উজিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছাত্র রাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি স্থানীয় তৃণমূল পর্যায়ে পরিচিতি লাভ করেন। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে এবার স্থানীয় সরকার ব্যবস্থায় সরাসরি জনগণের সেবা করার লক্ষ্য নিয়েই ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে বামরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রাম, হাট-বাজার ও পাড়া-মহল্লায় গণসংযোগ শুরু করেছেন ফিরোজ। উঠান বৈঠক ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ বাড়াচ্ছেন এবং ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরছেন।
নির্বাচনী অঙ্গীকার হিসেবে তিনি দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠন, মাদক ও সন্ত্রাসবিরোধী সামাজিক উদ্যোগ জোরদার, ইউনিয়নের অবহেলিত রাস্তাঘাট ও কালভার্ট সংস্কার এবং বিচার-সালিশে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার কথা জানিয়েছেন।
তবে স্থানীয় রাজনৈতিক বাস্তবতায় প্রবীণ নেতাদের সমর্থন অর্জন এবং সম্ভাব্য শক্ত প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করা তার জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের মতে, তরুণ নেতৃত্ব হিসেবে সাইফুল হুদা ফিরোজের প্রার্থিতা বামরাইল ইউনিয়নের নির্বাচনী সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *