শ্রীমঙ্গল নির্মাই শিববাড়িতে লক্ষাধিক ভক্তের পদচারণায় মুখরিত বাণেশ্বর মন্দির

ধর্ম

ঝলক দত্ত,শ্রীমঙ্গলঃ
শিব চতুর্দশীর পুণ্যলগ্নে ভক্তির আবেশে মুখর হয়ে উঠেছে শ্রীমঙ্গলের নির্মাই শিববাড়ির শ্রীশ্রী বাণেশ্বর মহাদেব মন্দির।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) শ্রীমঙ্গল উপজেলার আশীদ্রোন ইউনিয়নের শংকরসেনা গ্রামে নির্মাই শিববাড়ির শ্রীশ্রী বাণেশ্বর মহাদেব মন্দিরে ভোরের আলো ফোটার আগেই দূর-দূরান্ত থেকে আসা লক্ষাধিক ভক্তের ঢল নামে এই ঐতিহ্যবাহী মন্দিরে। ধূপের সুবাস, শঙ্খধ্বনি আর ‘হর হর মহাদেব’ ধ্বনিতে পুরো মন্দির এলাকা যেন পরিণত হয় এক অনন্য ধর্মীয় মিলনমেলায়।
সারাদিনব্যাপী পূজা-অর্চনায় ভক্তরা মহাদেবকে দুধ, জল, বেলপাতা ও ফুল অর্পণের মাধ্যমে পালন করেন শিব চতুর্দশীর বিশেষ আনুষ্ঠানিকতা। নারী-পুরুষ, শিশু-কিশোর থেকে শুরু করে প্রবীণ ভক্তদের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ ছিল উপচে পড়া ভিড়ে পরিপূর্ণ।

নির্মাই শিববাড়ির স্থায়ী কমিটির সভাপতি ডা. সত্যকাম চক্রবর্তী জানান, সাড়ে চারশ বছরের এই নির্মাই শিববাড়িতে শিব চতুর্দশীতে দুইদিন ব্যাপী এই অনুষ্ঠানে দুরদূরান্তের শিব ভক্তরা মন্দিরে আসেন। রবিবার থেকেই বহু ভক্ত মন্দির চত্বরে রাত্রিযাপন শুরু করেন। ভোর হতেই দূরদূরান্ত থেকে আগত লক্ষাধিক শিবভক্তের আগমনে পুরো মন্দির এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।
স্থায়ী কমিটির সাধারণ সম্পাদক দেবাশীষ ধর পার্থ বলেন, সকল পূণ্যার্থী মহাদেবের আশীর্বাদ লাভের আশায় এই পবিত্র উৎসবে অংশ নিয়েছেন। ঘণ্টাধ্বনি আর প্রার্থনার সুরে সৃষ্টি হয়েছে এক অনন্য ধর্মীয় পরিবেশ।

এদিকে শিব চতুর্দশী উদযাপন পরিষদের সভাপতি সুজিত কুমার বৈদ্য ও যুগ্ম সম্পাদক বাবলু আচার্য্য জানান, শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে স্বেচ্ছাসেবক ও স্থানীয় প্রশাসনের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ভক্তদের এই মহাসমাগমে শংকরসেনা গ্রাম যেন দুই দিনের জন্য রূপ নেয় এক ধর্মীয় মিলনমেলায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *