শীর্ষ খবর ডেক্স: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদের একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও প্রার্থনা করা হয় এবং দেশবাসীকেও তাঁর জন্য দোয়া করার আহ্বান জানানো হয়।
বৈঠকে তাঁর সার্বিক চিকিৎসা নিশ্চিত করতে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। হাসপাতালের মধ্যে চিকিৎসা যেন নির্বিঘ্নে চলতে পারে সেজন্য বিশেষ নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি প্রয়োজন হলে তাঁকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার প্রস্তুতি গ্রহণের বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এ ছাড়া বেগম খালেদা জিয়ার উচ্চ মর্যাদা, রাজনৈতিক অবদান ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাঁকে ‘রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (VVIP)’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সিদ্ধান্তটি তাৎক্ষণিকভাবে কার্যকর করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বেগম খালেদা জিয়ার পরিবার ও সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্বকে এ বিষয়ে অবহিত করা হয়েছে বলে বৈঠকে জানানো হয়।
