উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে সন্ধ্যা নদীতে ইলিশ শিকারের অপরাধে ইমরান খলিফা (৩০) নামে এক জেলেকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ অক্টোবর) মা ইলিশ সংরক্ষণ ও ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মাছ আহরণে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সন্ধ্যা নদীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ ধরার সময় ইমরান খলিফাকে আটক করা হয়।
ইমরান খলিফা উজিরপুর উপজেলার রাকুদিয়া এলাকার আজাহার খলিফার ছেলে।
উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদারের নেতৃত্বে পরিচালিত অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে তাকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অপরাধে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় ইমরান খলিফাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।
উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ জানিয়েছে, মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখতে সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নে সন্ধ্যা নদীতে অভিযান অব্যাহত থাকবে।
