উজিরপুরে প্রধান শিক্ষক নাজমুলের বিরুদ্ধে একাধিক অভিযোগ, তদন্ত ও শাস্তির দাবি সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বেসরকারি প্রতিষ্ঠানে পাঠানোর অভিযোগ, দায়িত্বে অবহেলা ও ম্যানেজিং কমিটি নিয়ে ফেসবুক মন্তব্য ঘিরে বিতর্ক

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে হস্তিসুন্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হকের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি, সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের পার্শ্ববর্তী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের সুযোগ করে দেওয়া এবং পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালনে গাফিলতিসহ একাধিক অভিযোগ উঠেছে। এ ছাড়া বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ে তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া মন্তব্য এবং সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে বিভিন্ন মতামত শেয়ার করাকে কেন্দ্র করেও বিতর্ক সৃষ্টি হয়েছে। এসব ঘটনায় তাঁর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত ও বিধি অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ করেছেন এক অভিযোগকারী।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রধান শিক্ষক নাজমুল হক বিদ্যালয়ের নির্ধারিত সময়ে নিয়মিত উপস্থিত না থেকে উপজেলা সদরের বিভিন্ন সরকারি দপ্তরে সময় কাটান এবং বিভিন্ন বিষয়ে তদবিরে ব্যস্ত থাকেন বলে অভিযোগ করা হয়েছে। এতে বিদ্যালয়ের স্বাভাবিক পাঠদান ও শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিযোগকারী।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, নিজের দায়িত্বাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের যথাযথ পাঠদান নিশ্চিত না করে পার্শ্ববর্তী ব্যক্তি মালিকানাধীন একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের পাঠদানের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে পাঠানোর পেছনে কী কারণ রয়েছে এবং এতে সরকারি শিক্ষা কার্যক্রমের কোনো ব্যত্যয় ঘটছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানানো হয়েছে।

এ ছাড়াও তিনি বৃত্তি পরীক্ষার মডেল টেস্ট পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিবের দায়িত্ব পালনেও অবহেলা ও গাফিলতির অভিযোগ আনা হয়েছে। অভিযোগ থেকে আরো জানা যায়, তিনি কেন্দ্র সচিব হয়ে কাউকে না জানিয়ে পরীক্ষার সময় উপজেলা সদরে চলে যান। একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করা হচ্ছে কি না, তা তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।

অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশে প্রধান শিক্ষক নাজমুল হকের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি নিয়ে করা একটি মন্তব্যের বিষয়টি তুলে ধরা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, তিনি ফেসবুকে প্রশ্ন তুলে লিখেছেন, ‘স্কুল ম্যানেজিং কমিটি কোন কাজে আসে, আরশি কমিটি করার জন্য সরকারের এত নির্দেশনা কেন?’ অভিযোগকারীর দাবি, এ ধরনের মন্তব্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির কার্যকারিতা ও সরকারি নির্দেশনা নিয়ে নেতিবাচক ধারণা তৈরি করতে পারে।

অভিযোগকারী নিজেও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি। তাঁর দাবি, একজন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল শিক্ষক হয়ে ব্যবস্থাপনা কমিটি সম্পর্কে এ ধরনের মন্তব্য করা অনভিপ্রেত ও দায়িত্বশীল আচরণের পরিপন্থী। এ মন্তব্যকে কেন্দ্র করে উপজেলা সদরের কয়েকটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিদের মধ্যে অসন্তোষ ও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া প্রধান শিক্ষক নাজমুল হকের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের নারী সংসদ সদস্যদের নিয়ে বিভিন্ন মন্তব্য ও মতামত শেয়ার করার বিষয়টিও অভিযোগে তুলে ধরা হয়েছে। একজন সরকারি কর্মকর্তা হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এমন কর্মকাণ্ড সরকারি কর্মচারীদের আচরণবিধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অভিযোগকারী।

এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদন করা হয়েছে। অভিযোগপত্রের অনুলিপি বরিশালের জেলা প্রশাসক, প্রাথমিক শিক্ষা বিভাগের উপপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে পাঠানো হয়েছে বলে জানা গেছে। অভিযোগকারী বিদ্যালয়ে প্রধান শিক্ষকের উপস্থিতি, পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের অন্য প্রতিষ্ঠানে পাঠানোর অভিযোগ, পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব পালন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর প্রকাশিত মন্তব্যের বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অভিযোগকারী বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয় কোনো ব্যক্তির নিজস্ব প্রতিষ্ঠান নয়। এখানে শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করা এবং সরকারি নির্দেশনা অনুসারে দায়িত্ব পালন করা প্রত্যেক শিক্ষকের কর্তব্য। একজন প্রধান শিক্ষকের বিরুদ্ধে এতগুলো অভিযোগ ওঠার পর বিষয়গুলো এড়িয়ে না গিয়ে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করা প্রয়োজন।

এ বিষয়ে প্রধান শিক্ষক নাজমুল হক বলেন আমার বিরুদ্ধে উত্তাবৃত্ত অভিযোগগুলো অসত্য ভিত্তিহীন। একশ্রেণীর শিক্ষক ঈর্ষান্নিত হয়ে আমার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম জানান প্রধান শিক্ষক নাজমুল হকের বিরুদ্ধে লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ঊর্ধ্বতন কর্মকর্তার পরামর্শক্রমে ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় শিক্ষা সংশ্লিষ্টদের মতে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা জরুরি। তাই অভিযোগগুলোর সত্যতা যাচাই করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *