উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা ও বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নারীসহ একই পরিবারের চারজন আহত হয়েছেন। গত ৭ নভেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাতলা ইউনিয়নের রাজাপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের আব্দুল হাই বেপারী ও একই গ্রামের শহিদ বেপারীর পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় ঘটনার দিন শহিদ বেপারী, তাঁর ভাই এনামুল বেপারী ও জাহিদ বেপারী, ছেলে আরিফুল বেপারী, ভাইয়ের মেয়ে জাকিয়া বেগম এবং আত্মীয় রুবিনা বেগম ও পারভীন বেগমসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে আব্দুল হাই বেপারীর পরিবারের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়েছে।
এতে আব্দুল হাই বেপারী, তাঁর স্ত্রী রাহেলা বেগম, মেয়ে জিয়াসমিন বেগম ও পুত্রবধূ মানসুরা বেগম রক্তাক্ত জখম হন। এ সময় তাঁদের রান্নাঘরে অগ্নিসংযোগেরও অভিযোগ উঠেছে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত আব্দুল হাই বেপারী অভিযোগ করে বলেন, শহিদ বেপারী স্থানীয় ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হওয়ায় বিএনপির নাম ভাঙিয়ে তাঁর পরিবারের সদস্যরা পরিকল্পিতভাবে তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়েছেন। একই সঙ্গে রান্নাঘরে আগুন দিয়ে বসতবাড়ি ও ভিটেমাটি জোরপূর্বক দখলের চেষ্টা করা হয়েছে বলেও তিনি দাবি করেন।
অন্যদিকে, অভিযুক্ত শহিদ বেপারী হামলার অভিযোগের বিষয়ে কোনো বক্তব্য না দিয়ে বিষয়টি এড়িয়ে যান।
এ বিষয়ে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানিয়েছে। এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের আওতায় আনার দাবি জানিয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন আহত পরিবারের সদস্যরা।
