সাতলায় এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ভিডিও ছড়িয়ে বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার অভিযোগ

দেশজুড়ে রাজনীতি

উজিরপুর প্রতিনিধি :
বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এবং পুরোনো ভিডিও ছড়িয়ে বিএনপি নেতার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

উপজেলার সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আতিকুল ইসলাম নান্নু বালীকে জড়িয়ে এআই প্রযুক্তির মাধ্যমে ‘আপত্তিকর’ ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে এবং দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে। এতে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে নান্নু বালী বলেন, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি। এ ঘটনায় বহুদিন পূর্বে আমি উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি করেছি। আমি সাতলা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির অভিভাবক সদস্যের দায়িত্ব সুনামের সঙ্গে পালন করছি।

তিনি বলেন, কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে একটি কুচক্রী মহল বিভিন্ন অপপ্রচার চালাচ্ছে। মূলত যথাযথ নিয়ম অনুযায়ী আমাকে সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সদস্য নির্বাচিত করা হয়। সে বিষয়টি নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়। এর প্রতিবাদ করার কারণেই আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা চালাচ্ছে অসাধু চক্ররা।

এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়ন করার জন্য আমি সাতলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাপক উন্নয়নমূলক কাজ ও শিক্ষক-শিক্ষার্থীদের শৃঙ্খলা ফিরিয়ে আনার কাজ করছি। এতে ঈর্ষান্বিত হয়ে আমার বিরুদ্ধে এআই প্রযুক্তি ব্যবহার করে অপপ্রচার চালানো হচ্ছে এবং বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।

এদিকে বিএনপি নেতা নান্নু বালী ওই অপপ্রচারকারী ও জড়িতদের বিরুদ্ধে বিচারের দাবি জানিয়ে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *