উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
‘চারপাশ পরিষ্কার রাখি, উজিরপুরের সম্মান রাখি’—এই স্লোগানকে সামনে রেখে বরিশালের উজিরপুর উপজেলা পরিষদে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজার নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর ও বিভিন্ন সরকারি দপ্তরের আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. প্রদীপ কুমার সরকার, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার, বামরাইল ইউনিয়ন পরিষদের প্রশাসক ও আইসিটি কর্মকর্তা মোহাম্মদ মিরাজ মাহমুদ, পরিসংখ্যান কর্মকর্তা ও হারতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মোহাম্মদ নূর হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. মামুন হোসেন, গুঠিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. গাফফার চৌধুরীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, সরকারি প্রতিষ্ঠান শুধু সেবা প্রদানের জায়গা নয়; পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার ক্ষেত্রেও এসব প্রতিষ্ঠানকে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নিজ নিজ কর্মস্থল ও এর আশপাশ পরিষ্কার রাখার পাশাপাশি সাধারণ মানুষকেও ময়লা-আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলার বিষয়ে সচেতন করা প্রয়োজন। উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তাদের মতে, সরকারি দপ্তরগুলো নিয়মিতভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকলে উজিরপুরকে আরও পরিচ্ছন্ন ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।
