উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর উপজেলার মেয়াদোত্তীর্ণ চারটি ইউনিয়ন পরিষদে জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশোধিত ২০২৪ সালের ১৮ ধারার উপধারা (১) অনুযায়ী সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা প্রদান করে এসব ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ৯ আগস্ট বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে জারি করা এক আদেশে এ নিয়োগ দেওয়া হয়। জেলা প্রশাসকের কার্যালয়ের স্মারক নম্বর ০৫.১০.০৬০০.০০০.১১২.২২.০০১.২৬-৪৪৯-এ এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে গত ২ আগস্ট পাঠানো প্রস্তাবের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—সাতলা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা একাডেমিক সুপারভাইজার সুমন চৌধুরী, জল্লা ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান, শোলক ইউনিয়ন পরিষদের প্রশাসক উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শামছুদ্দোহা চৌধুরী এবং বড়াকোঠা ইউনিয়ন পরিষদের প্রশাসক প্রসেন মজুমদার। জেলা প্রশাসকের কার্যালয়ের আদেশে বলা হয়েছে, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর মেয়াদ শেষ হওয়ায় নাগরিক সেবা নিশ্চিত করা এবং পরিষদের দৈনন্দিন দাপ্তরিক ও আর্থিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে মনোনীত কর্মকর্তাদের অবিলম্বে প্রশাসকের দায়িত্ব গ্রহণ করতে হবে।
