উজিরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে ‘বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে মাতৃদুগ্ধ পান সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিতকরণ এবং শিশুর পুষ্টি উন্নয়নে মাতৃদুগ্ধের গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হামিদা আক্তারের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা।
বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন গাইনি ও অবস বিভাগীয় সহকারী অধ্যাপক ডা. শাহনাজ শিমুল। তিনি বলেন, জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানো এবং দুই বছর বা তারও বেশি সময় পর্যন্ত পরিপূরক খাবারের পাশাপাশি মাতৃদুগ্ধ পান অব্যাহত রাখা শিশুর শারীরিক ও মানসিক বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ও হারতা ইউনিয়নের প্রশাসক মোহাম্মদ নূর হোসেন, উপজেলা হেলথ ইন্সপেক্টর আব্দুল লতিফ মোল্লা, মোহাম্মদ সুয়েল মৃধা, মোহাম্মদ শরিফুল ইসলাম বাবুসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ ও সেবাগ্রহীতারা।
অনুষ্ঠানের শেষে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, মাতৃদুগ্ধ শিশুর সর্বোত্তম পুষ্টির উৎস এবং সুস্থ প্রজন্ম গঠনে মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার ও সমাজের সকলকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *