বাবলু আচার্য্য ; মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ- শ্রীমঙ্গলে অ্যাডমিট কার্ড-সংক্রান্ত জটিলতার কারণে এইচএসসি পরীক্ষার ৯ জন পরীক্ষার্থী প্রথমে পরীক্ষার হলে প্রবেশ করতে পারেননি। ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়া এসব শিক্ষার্থীর জন্য সেই মুহূর্তটি ছিল অত্যন্ত উৎকণ্ঠার।
বিষয়টি জানতে পেরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেন। তাঁর দায়িত্বশীলতা, মানবিকতা ও সময়োপযোগী উদ্যোগের ফলে শেষ পর্যন্ত ৯ জন পরীক্ষার্থীই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পায়।
একটি দ্রুত ও সঠিক সিদ্ধান্ত যে কতগুলো শিক্ষার্থীর একটি মূল্যবান শিক্ষাবর্ষ এবং ভবিষ্যৎ রক্ষা করতে পারে, তার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন ইউএনও মো. জিয়াউর রহমান।
শিক্ষার্থীদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এমন মানবিক ও জনবান্ধব ভূমিকার জন্য তাঁর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সমাজ ও রাষ্ট্র এমন দায়িত্বশীল প্রশাসনিক নেতৃত্বই প্রত্যাশা করে।
তথ্যটি নিশ্চিত করেছেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের আহ্বায়ক সৈয়দ আবুজাফর সালাউদ্দিন, যিনি দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি।
