উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের উজিরপুর পৌরসভায় জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে এক নৃশংস হামলার ঘটনায় দায়েরকৃত মামলার মূলহোতাসহ তিন আসামিকে গ্রেফতার করেছে উজিরপুর মডেল থানা পুলিশ। ২৪ জুন (বুধবার) ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার পরমানন্দশাহ এলাকার মোঃ জাকির হাওলাদারের দুই ছেলে মোঃ রাজু হাওলাদার (৩০) ও মোঃ কবির হাওলাদার (৩৫) এবং একই এলাকার মৃত ইসাহাক হাওলাদারের ছেলে মোঃ হান্নান হাওলাদার (৫০)।
থানা পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ১৮ জুন রাত আনুমানিক সাড়ে ৮টায় উজিরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের পরমানন্দশাহ এলাকার রাজু হাওলাদারের দোকানের সামনে পাকা রাস্তার ওপর এই হামলার ঘটনা ঘটে। জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে আসামিরা দেশীয় অস্ত্র, লাঠিসোটা ও লোহার রড নিয়ে স্থানীয় বাসিন্দা মোঃ সোহরাব বেপারীর পথরোধ করে। এ সময় আসামিরা তাকে উদ্দেশ্য করে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং একপর্যায়ে এলোপাতাড়ি মারধর করে শরীরে গুরুতর জখম করে।
এদিকে বাবার চিৎকার শুনে তাকে বাঁচাতে ছেলে মোঃ আল আমিন বেপারী এগিয়ে এলে তার ওপরও লোহার রড দিয়ে প্রাণঘাতী হামলা চালানো হয়। এতে আল আমিনের নাক ফেটে রক্তাক্ত ও গুরুতর জখম হয়। হামলার সময় ভুক্তভোগীর পকেট থেকে নগদ ১১,০০০ টাকা ছিনিয়ে নেওয়ারও অভিযোগ রয়েছে। পরবর্তীতে পরিবারের নারী সদস্যরা এগিয়ে এলে আসামিরা তাদেরকেও মারধর ও শ্লীলতাহানি করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এই ঘটনায় ভুক্তভোগী পরিবারের সদস্য মোঃ ছাব্বির বেপারী বাদী হয়ে উজিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে উজিরপুর মডেল থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত প্রধান তিন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।
উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রকিবুল ইসলাম গণমাধ্যমকে জানান, “অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ তৎপরতা শুরু করে এবং ঘটনার সাথে জড়িত প্রধান তিন আসামিকে গ্রেফতার করেছে। মামলার বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলার অবনতি ঘটায় এমন যেকোনো অপরাধের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।”
গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।
