ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে উজিরপুর উপজেলা বিএনপির নিন্দা

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি :
বরিশালের উজিরপুরে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু নেতাকর্মীর কুরুচিপূর্ণ বক্তব্য, গালিগালাজ ও হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উজিরপুর উপজেলা শাখা।
উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উজিরপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও গুঠিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহিন হাওলাদার এবং গুঠিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লাভলু চাপরাসীসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কিছু নেতাকর্মী কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান, গালিগালাজ এবং হামলার ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
বিজ্ঞপ্তিতে বিএনপি নেতৃবৃন্দ এ ধরনের কর্মকাণ্ডকে রাজনৈতিক শিষ্টাচার ও গণতান্ত্রিক মূল্যবোধ পরিপন্থী উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।
বিএনপি নেতারা বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে কোনো অবস্থাতেই কুরুচিপূর্ণ বক্তব্য, ব্যক্তিগত আক্রমণ কিংবা সহিংসতা গ্রহণযোগ্য নয়। তারা উজিরপুরে শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীদের সংযম, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান জানান।
প্রেস বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস. এম. আলাউদ্দিন এবং সাধারণ সম্পাদক মো. হুমায়ুন খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *