উজিরপুর পৌরসভা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের উচ্ছেদের ঘোষণা বিএনপি নেতার

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি : বরিশালের উজিরপুর পৌরসভা এলাকা থেকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী এবং তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন উজিরপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রোকনুজ্জামান টুলু।
সম্প্রতি সাংবাদিকদের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী গোষ্ঠীর ছত্রচ্ছায়ায় সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদক ব্যবসা পরিচালিত হয়ে আসছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে এবং যুব সমাজ মাদকের ভয়াল গ্রাসে বিপর্যস্ত হচ্ছে।
তিনি ৮ জুন রাতে জুল নিজ কার্যালয়ে বসে অভিযোগ করেন, পৌরসভার বিভিন্ন অলিগলিতে প্রকাশ্যে মাদকের কেনাবেচা চলছে। আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান পরিচালনা করতে গেলে অনেক সময় বাধার সম্মুখীন হতে হয়। এর পেছনে কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ রয়েছে বলে তিনি দাবি করেন।
রোকনুজ্জামান টুলু বলেন, “কিছু নেতা নিজেদের স্বার্থে সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে অবৈধ সুবিধা গ্রহণ করছে। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। কেউ প্রতিবাদ করলে তাকে নানাভাবে হয়রানি ও হামলার শিকার হতে হয়।”
তিনি আরও বলেন, “দলের ভাবমূর্তি রক্ষা এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পৌর বিএনপি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আমরা পৌরসভা থেকে এসব অপকর্মের সঙ্গে জড়িত ব্যক্তি ও তাদের গডফাদারদের উচ্ছেদে কাজ করব।
অপরাধীদের রক্ষার সংস্কৃতি বন্ধ করতে হবে।”
উজিরপুর পৌরসভাকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে সকল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আশা প্রকাশ করে বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া গেলে জনগণ আগামী দিনে সৎ ও জনবান্ধব নেতৃত্বকে যথাযথ মূল্যায়ন করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *