উজিরপুরের বড়াকোঠায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ পরিবারের বসতঘর ভস্মীভূত, ব্যাপক ক্ষয়ক্ষতি

দেশজুড়ে

উজিরপুর বরিশাল প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা-এর বড়াকোঠা ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫টি পরিবারের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। আকস্মিক এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্কের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৬ ফেব্রুয়ারি বেলা আনুমানিক সোয়া ১১টার দিকে বড়াকোঠা ইউনিয়নের ১নং ওয়ার্ডে মোঃ জলিল মল্লিকের ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। দাহ্য উপকরণ বেশি থাকায় আগুন দ্রুত ভয়াবহ আকার ধারণ করে।
এসময় স্থানীয়রা আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে পাঁচটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো—আঃ জলিল মল্লিক, কবির মল্লিক, সিদ্দিক মল্লিক, আঃ হক মল্লিক ও আঃ রব মল্লিক। আগুনে ঘরের আসবাবপত্র, নগদ অর্থ, স্বর্ণালংকার, কাপড়চোপড়সহ প্রয়োজনীয় মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্তদের দাবি, তাদের কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সুজা জানন,অতি দ্রুত ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তার প্রদান করা হবে।
এ বিষয়ে উজিরপুর মডেল থানা-র অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা অনুযায়ী বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে অবস্থান করছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন। দ্রুত সরকারি ও বেসরকারি সহায়তা পৌঁছানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *