ওয়ালিউল্লাহ রাইসুল নাজিরপুর পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুর উপজেলার মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের চলমান কর্মবিরতির চতুর্থ দিনে শিক্ষার্থীরা তাদের প্রিয় শিক্ষকদের দাবির প্রতি সমর্থন জানিয়ে মাঠে নেমেছে। শিক্ষার্থীদের একটাই স্লোগান— “শিক্ষকদের দাবী মানুন, ক্লাসে ফিরুন।” বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা টানা চতুর্থ দিনের মতো তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন। তাদের দাবিগুলো হলো—
১⃣ মূল বেতনের ওপর ২০ শতাংশ হারে বাড়িভাড়া,
২⃣ ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা,
৩⃣ কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীতকরণ।
এই দাবিগুলোর বাস্তবায়নে এখনো সরকার প্রজ্ঞাপন জারি না করায় সারাদেশের শিক্ষক সমাজ ক্ষোভ প্রকাশ করছে। এরই ধারাবাহিকতায় মুগারঝোর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় শ্রেণিকক্ষ শূন্য হয়ে পড়েছে।
তবে এ অবস্থায় শিক্ষার্থীরাই এগিয়ে এসে শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়েছে। তারা বলছে, “আমরা চাই শিক্ষকরা ক্লাসে ফিরুক, কিন্তু তার আগে তাদের ন্যায্য দাবিগুলো মেনে নিতে হবে।”
স্থানীয় অভিভাবকরা জানান, শিক্ষকদের ন্যায্য দাবিগুলো দ্রুত মেনে নিলে শিক্ষাব্যবস্থা স্বাভাবিক হবে এবং শিক্ষার্থীরা আবারও স্বপ্নের আলোয় ফিরতে পারবে।
প্রতিবেদক:
ওয়ালিউল্লাহ রাইসুল
নাজিরপুর প্রতিনিধি
