সুদীপ দেবনাথ রিমন,সিনিয়র বিনোদন সাংবাদিক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কার্যকরী পরিষদ ও অভিনয়শিল্পীরা উপস্থিত থাকবেন। সাংস্কৃতিক অঙ্গনে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন ইতিবাচক ভূমিকা রেখে আগামী ৭ আগস্ট প্রথম বর্ষ শেষে দ্বিতীয় বর্ষে পদার্পণ করতে যাচ্ছে অনুরাগ সামাজিক সাংস্কৃতিক সংগঠন। পথচলার এই ক্ষণকে জমকালো ও স্মরণীয় করে রাখার লক্ষ্যে বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী আয়োজনের প্রস্তুতি করেছে সংগঠনটি। আলোচনা, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা দিয়ে সাজানো থাকবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানমালা। ৭ আগস্ট শুক্রবার বিকাল ৫ টায় শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এই আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি রুবিনা আলমগীরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি থাকবেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুস সালাম। প্রধান আলোচক হিসেবে থাকবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক দেশবরেণ্য কবি রেজাউদ্দিন স্টালিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা শানু, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন,জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল, ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি শামীম মাহমুদ, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন কবির টুটুল। আলোচনা ও সম্মাননা প্রদান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন সাংস্কৃতিক অঙ্গনের তারকাশিল্পীরা।
