আইইবি নির্বাচনে সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন উজিরপুরের প্রকৌশলী মুনিরুজ্জামান নয়ন

দেশজুড়ে

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর নির্বাচনে সম্মানী সহ-সাধারণ সম্পাদক (এএইচআরডি) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন বরিশালের উজিরপুর উপজেলার কৃতী সন্তান প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান নয়ন।

তিনি একজন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী। বর্তমানে তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অতিরিক্ত পরিচালক (হাইড্রোগ্রাফি) হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উজিরপুর আলহাজ্ব বি.এন. খান ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি।

গত ১২ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত আইইবির নির্বাচনে প্রকৌশলী খান মনজুর মোরশেদ সভাপতি এবং প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইয়ুম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। এ ছাড়া এ্যাব সমর্থিত প্যানেলের অধিকাংশ প্রার্থী বিভিন্ন পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

এদিকে আইইবির গুরুত্বপূর্ণ পদে উজিরপুরের কৃতী সন্তান প্রকৌশলী মোঃ মুনিরুজ্জামান নয়ন নির্বাচিত হওয়ায় উজিরপুর পৌরসভাসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তাঁর এ বিজয়ে স্থানীয়দের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা আশা প্রকাশ করেন, প্রকৌশলী মুনিরুজ্জামান নয়নের এ অর্জনের মাধ্যমে জাতীয় পর্যায়ে উজিরপুরের সুনাম ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *